
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে (প্রস্তাবিত শহিদ ওসমান হাদি হল) মধ্যরাতে গাঁজা সেবনের সময় বহিরাগতসহ চারজন শিক্ষার্থীকে আটক করেছে হল সংসদ ও প্রক্টরিয়াল টিম। আটককৃতদের মধ্যে দুজন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী এবং অপর দুজন বহিরাগত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে হলটির পুরাতন ভবনের ছাদে মাদক সেবনের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। রাত ৪টার দিকে বহিরাগত দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়, আর শিক্ষার্থী দুজনের বিরুদ্ধে হল প্রশাসন ব্যবস্থা নিবে মর্মে তাদের আইডি কার্ড রেখে ছেড়ে দেয়া হয় বলে জানায় প্রক্টরিয়াল টিম।
আটককৃতদের মধ্যে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা হলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানবীন আহমেদ (আহমেদ অনিম)। আটক অপর দুজনের নাম সামিউল ও রাকিব। দুইজনেই অন্য ক্যাম্পাসের শিক্ষার্থী বলে জানিয়েছেন তারা।
উপস্থিত শিক্ষার্থীরা জানায়, তানবীন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান ও এজিএস মুশফিক তাজওয়ার মাহি হলের ছাদে মাদক সেবনের খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থীকে সাথে নিয়ে সেখানে যান। এ সময় চারজনকে গাঁজা সেবনের প্রস্তুতি নিতে দেখে তাদের পরিচয় জানতে চান এবং বিষয়টি প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন। ঘটনাস্থল থেকে তামাক পাতা, গাঁজা ও কল্কি উদ্ধার করা হয়।

