
কুড়িগ্রামে নেশাজাতীয় মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিন যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয়।
কুড়িগ্রামে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন যুবককে দণ্ড দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলার বন বিভাগের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য সংরক্ষণ করে সেবন করার অপরাধে তিন মাদকসেবীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম মাদকসেবী আনিছুর রহমান (২৪) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, আতিকুল ইসলাম (২৬) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৭০০ টাকা অর্থদণ্ড এবং তপন মালিক (২৪) কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আতিকুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার কালে বেলগাছা এলাকার বাসিন্দা এবং আনিছুর রহমান ও তপন মালিক মুক্তারাম গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের রায় ও দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক ও কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

