
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চেকিং করার সময় সার্জেন্ট পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে রাজু ও শাওন পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করেন। কিছুক্ষণ বাকবিতন্ডার পর পুলিশ তাদের ছেড়ে দেয়।
এরপর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি চুয়াডাঙ্গায় ‘টপ অব দ্যা নিউজ’ হিসেবে ছড়িয়ে পড়ে।
পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে রোববার (৪ জানুয়ারি) চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে সোমবার (৫ জানুয়ারি) ভোরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার উথলী গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: রাজু হোসেন (২৫), রিয়ন মিয়া (২৬), শাওন (২৭) ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “শনিবার চেকিংয়ের সময় তিন যুবক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে এবং মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা দায়ের করা হয়। সোমবার ভোরে তাদেরকে গ্রেফতার করে থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

