আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মহাসড়কে অবরোধ শুরু হলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শত শত যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আসা আলমগীর হোসেন বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি। তারা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
বিচারপ্রার্থী নিরব রায়হান বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে চাই না, আমরা ন্যায়বিচার চাই। ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান।
এদিকে অবরোধের কারণে সাইনবোর্ড, চিটাগাংরোড, কাঁচপুর ও সানারপাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলেই আছি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.