
মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা : সাতক্ষীরায় সংসদ নির্বাচনের উত্তাপ বেড়েই চলেছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
একই সময়ে সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামও মনোনয়নপত্র জমা দেন।
এসময় জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান মুকুল, এড আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আসির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন,কালিগঞ্জ আমির মোহাস্মদ আলী, আশাশুনি আমির তারিকুজ্জামান তুশার, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি।

