আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
ঘুমে পুলিশ, ফেইসবুকে হাতকড়া পরা আসামির সেলফি
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৫
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা থানার ভেতর থেকে মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন।
ছবিগুলো তোলা হয়েছে চট্টগ্রামের পটিয়া থানার ভেতরে। এর মধ্যে একটি ছবিতে এক পুলিশ সদস্যকে ‘ঘুমন্ত অবস্থায়’ দেখা যায়।
ছবিগুলোর সঙ্গে ওই নেতা লেখেন, “ঘুম ভালোবাসিরেএএএ...জীবন যেমনই হোক, বিনোদন মিস করা যাবে না।”
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশ নেওয়ায় ছাত্রলীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতে। পরে থানায় বসে গভীর রাতে নিজের ফেইসবুক আইডি থেকে ছবিগুলো শেয়ার করা হয়।
গ্রেপ্তার ওই নেতার নাম মো. শোয়াইব-উল ইসলাম মহিম (২১)। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াড ছাত্রলীগের সভাপতি বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
বুধবার রাতে পটিয়ার কাগজীপাড়া এলাকা থেকে মহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রাখা হয় পটিয়া থানার একটি কক্ষে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারের পর তাকে থানায় রেখে পুলিশ সদস্যরা দ্রুত আরেকটি অভিযানে গিয়েছিল।
‘‘এসময়ে তাকে একটি কক্ষে বসিয়ে রাখা হয়। গ্রেপ্তারের পর তাকে তল্লাশি করে মোবাইল ফোন পাওয়া যায়নি। হয়তো এটি তার আন্ডার গার্মেন্টসের ভেতরে ছিল। সেটি দিয়ে হয়তো এ কাজ করেছে। পরে পুলিশ পুলিশ সদস্যরা সেটি জব্দ করেছে।‘‘
ওসি বলেন, “সঙ্গে যে পুলিশ সদস্য ছিলেন, দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার মহিমকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো মহিমের ফেইসবুক আইডিতে বৃহস্পতিবার আর পাওয়া যায়নি।
আগে নিয়ে রাখা স্ক্রিনশট ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে হাতকড়া পরা মহিমের ছবিও রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.