গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে আসামিদের হামলায় বরিশাল বন্দর থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সোনালী পোল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এএসআই দেলোয়ার হোসেন এবং কনস্টেবল আব্দুস সালামকে শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো এবং ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে হামলাকারিরা পালিয়ে যায়।
আহত এএসআই দেলোয়ার হোসেন জানান, ওই এলাকার বাসিন্দা প্রতাপ ঘোষ একটি মামলার সাক্ষী ছিলেন। আদালতে সাক্ষ্য না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা তামিল করতে তার বাড়িতে গেলে প্রতাপ ঘোষ, তার স্ত্রী এবং দুই ছেলে মিলন ঘোষ ও বাসুদেব ঘোষ তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা করেন। তারা পুলিশকে আটকে রাখারও চেষ্টা করেন বলে দাবি এএসআইয়ের।
ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হবে। হামলাকারিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com