আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
পুলিশে এবার ভিন্ন পদ্ধতিতে নিয়োগ, ২৭৫ নম্বরের পরীক্ষা
প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৫
কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) ও সহকারী পুলিশ সুপার– এই তিন ধাপে পুলিশ বাহিনীতে জনবল নিয়োগ দেওয়া হয়। এসআই পদমর্যাদার কর্মকর্তা হিসেবে ট্রাফিক বিভাগে নিয়োগ দেওয়া হয় সার্জেন্ট। এবার সরাসরি এএসআই পদে জনবল নিয়োগ দিতে বিধি চূড়ান্ত করেছে সরকার।
পুলিশ বাহিনীতে এএসআইর ৮ হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে চার হাজার এএসআই হবেন। বাকি চার হাজার সরাসরি নিয়োগ পাবেন। চার হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়ার জন্য একটি বিধি তৈরি করা হয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র, অর্থ, জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে এটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। দু-এক দিনের মধ্যে সরাসরি এএসআই নিয়োগের বিধির প্রজ্ঞাপন জারি হতে পারে।
এই বিধিতে বলা হয়, একবারের জন্য চার হাজার এএসআই সরাসরি নিয়োগ পাবে। পরে এর মধ্য কোনো পদ শূন্য হলে সেটি কনস্টেবল বা নায়েক থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। এএসআই শূন্য পদের জন্য পরবর্তী সময়ে সরাসরি এএসআই নিয়োগ দেওয়া হবে না। সরকার যদি নতুনভাবে নিয়োগের জন্য আবার এএসআই পদের অনুমোদন দেয়, সে ক্ষেত্রে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, এএসআইর বিধিমালায় জনবল নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিগত দক্ষতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে সরাসরি যাদের নেওয়া হবে, তাদের জন্য কম্পিউটার পরীক্ষা রাখা হয়। সব মিলিয়ে ২৭৫ নম্বরের পরীক্ষা থাকবে। এর মধ্যে ইংরেজি ও বাংলা পরীক্ষা ১০০ নম্বরের। সাধারণ জ্ঞান ও গণিত ১০০ নম্বর। মনোবিজ্ঞান ৫০ নম্বরের। মৌখিক পরীক্ষা ২৫ নম্বরের। বুদ্ধিমত্তার পরীক্ষা ১০ নম্বরের। নিয়োগে বিবেচনার জন্য একশর মধ্যে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
পুলিশের আরেক কর্মকর্তা বলেন, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল যাতে বাহিনীতে যুক্ত করা যায়, সেই দিক বিবেচনায় রেখে এএসআই নিয়োগের বিধি করা হয়েছে। বর্তমানে থানায় অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা যায়। অনেক এএসআই এসব জিডির তদন্ত করেন। অনলাইনে এফআইআর করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। অনলাইনকেন্দ্রিক জিডি ও মামলায় তদন্তে আরও দক্ষতাসম্পন্ন কর্মকর্তা প্রয়োজন।
একাধিক কর্মকর্তা বলছেন, বর্তমানে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ৫০ নম্বর লিখিত ও ১০ নম্বর মৌখিক। এএসআইর নিয়োগবিধিতে ছয়টি ধাপে শারীরিক পরীক্ষার কথা বলা হয়েছে। মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন থাকবে। এএসআইর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস বা এর সমমান। এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ পেতে হবে ৩.৫। বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে বর্তমান কনস্টেবল বা নায়েক পদে রয়েছে এমন কেউ সরাসরি এএসআই পদের জন্য আবেদন করলে তাঁর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা হতে হবে ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বিবাহিত কেউ আবেদন করতে পারবেন না।
বর্তমানে পুলিশ বাহিনীতে তিনটি গ্রেডের অধীনে চারটি পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান চালু রয়েছে। নবম গ্রেডে এএসপি পদে মঞ্জুরীকৃত পদের ৬৭ শতাংশ ক্ষেত্রে বিসিএসের মাধ্যমে সরাসরি নিয়োগ প্রদান করা হয়। ৩৩ শতাংশ পদ ইন্সপেক্টর হতে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। এসআই (নিরস্ত্র) (গ্রেড-১০) পদের ৫০ শতাংশ সরাসরি এবং ৫০ শতাংশ পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। দশম গ্রেডের সার্জেন্ট পদ শতভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। ১৭তম গ্রেডে কনস্টেবল পদ পুলিশের মঞ্জুরীকৃত পদ হিসেবে শতভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়। এএসআই পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ হয়।
পুলিশ সদরদপ্তরের প্রস্তাব অনুযায়ী, পুলিশ সদরদপ্তর নতুন যে আট হাজার এএসআই পদ সৃষ্টির প্রস্তাব করেছে, তার মধ্যে ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ হবে। ৫০ শতাংশ পদ নায়েক বা কনস্টেবল থেকে বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণের কথা বলা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.