
খুলনা নগরীর একটি বাসা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিউনিসিপ্যাল ট্রাংক রোড এলাকার ভাড়া বাসা থেকে শিউলী বেগম নামের ওই নারীর লাশ বুধবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করার খবর জানিয়েছেন খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহম্মেদ।
জানা যায়, শিউলী বেগমের বাড়ি ডুমুরিয়া উপজেলায়। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি আরেকজনের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী ও ১৬ বছরের কিশোর ছেলেকে নিয়ে ট্রাংক রোডে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ বলছে, কয়েক দিন আগে ওই নারীর স্বামী গ্রামের বাড়ি চলে যান। বাসায় শুধু মা ও ছেলে ছিলেন।
শিউলী বেগমের বড় মেয়ে কেয়া বলেন, বুধবার সকাল থেকে মায়ের ফোন বন্ধ পেয়ে তার ছোট বোনকে বিষয়টি জানান। পরে তারা বাসায় গিয়ে দরজায় তালা ঝুলতে দেখেন। দিনভর খোঁজাখুঁজির পর রাতে আবার এসে একই অবস্থা দেখতে পান।
“পরে বাড়িওয়ালার সিসি টিভি ফুটেজ দেখে সন্দেহ হলে তাদের সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, ঘরের খাটের ওপর আম্মুর মরদেহ পড়ে আছে।”
কেয়া বলেন, “সিসি ক্যামেরায় দেখা গেছে, আমার ছোট ভাই সকাল ৭টা ৫০ মিনিটে ঘর থেকে বেরিয়ে গেছে। ঘরে আম্মুর ছয় লক্ষাধিক টাকা ছিল।”
পরিদর্শক শাহজাহান আহম্মেদ বলেন, “ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত গৃহবধূর ছেলে ঘটনার পর থেকেই পলাতক।”
“সিসি ক্যামেরার ফুটেজে বুধবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তাকে ব্যাগ হাতে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে ধরতে অভিযান চলছে।”

