
সোনারগাঁও(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকায় রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত (এলজিসিআরআরপি) প্রকল্পের রাস্তা কেটে এ সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। এ ঘটনায় সোমবার মীর এম মিজানুর রহমানকে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ স্বাক্ষরিত একটি নোটিশ জারি করেন। পৌর কর্তৃপক্ষের নোটিশের তোয়াক্কা না করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠে।জানা যায়,সোনারগাঁও পৌরসভার ২নং ওয়ার্ডের গোয়ালদী গ্রামের বাসিন্দা মীর এম মিজানুর রহমান প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তা কেটে ও দখল করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। গত রোববার বিষয়টি সোনারগাঁও পৌরসভার কর্তৃপক্ষের নজরে আসে। পরে সোনারগাঁও পৌরসভার পক্ষ থেকে দুজন প্রতিনিধি বাধা দিতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে মীর মিজানুর রহমানের ভাই মিঠু মীর ও তার ভাগিনা ছাত্রদল নেতা সুজন মিয়া জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যায়। এ ঘটনায় সোমবার পৌর কর্তৃপক্ষ মীর এম মিজানুর রহমানকে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নোটিশ জারি করেন। নোটিশে রাস্তা কেটে ক্ষতিগ্রস্থ করার কারণে ক্ষতি পূরণ ফি আদায়সহ আইনগত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে পৌরসভার প্রকৌশল বিভাগে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়। সোনারগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ জানান,বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তার ক্ষতিসাধন করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। ইমারত আইন ১৯৫২ এর পরিপন্থি। অনুমোদন ছাড়াই সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রকল্পের রাস্তা কেটে ব্যাপকভাবে ক্ষতিসাধন করা হয়েছে। ফলে অভিযুক্ত ওই ব্যক্তিকে লিখিত কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছে।অভিযুক্ত মীর এম মিজানুর রহমানকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি। তবে তার ভাই মিঠু মীর জানিয়েছেন, তারা পৌরসভার নোটিশ পেয়েছেন। নির্দিষ্ট দিনে নোটিশের জবাব দেওয়া হবে। তবে সীমানা প্রচীর নির্মাণ করতে পৌর কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় জানা ছিল না।

