
নারায়ণগঞ্জ প্রতিনিধি,
‘নারায়ণগঞ্জ শহর, আমাদের বাড়ি, সচেতন হই, পরিষ্কার করি’ এই স্লোগানে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই রূপ দিতে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচীর অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে এই ডাস্টবিন স্থাপন করা হয়।
২৫ আগষ্ট সোমবার দুপুরে কর্মসূচীকে বাস্তবায়িত করতে ফতুল্লা বাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থাপিত ডাস্টবিন উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সে কর্মসূচির অংশ হিসেবে এক লাখ বৃক্ষরোপণ করেছি, খাল পরিষ্কারের কাজ হাতে নিয়েছি। আমাদের স্লোগান ছিল ‘নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি, সচেতন হই পরিষ্কার করি’। আমরা চাই এই কর্মসূচি স্থায়ী রূপ পাক। তারই অংশ হিসেবে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছি। কারন আমরা যে কোনোভাবেই হোক এ শহরটাকে পরিষ্কার রাখতে চাই।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দুঃখ প্রকাশ করে বলেন,গত ২৯ জুলাই থেকে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । ৭টি খালের ৫৬টি স্পটে ১১.৪৫ কিমি খাল জুড়ে প্রায় ৩৫২৪ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। কিন্তু খাল পরিষ্কার করার পর পুনরায় জনগণ নির্দিষ্ট জায়গার অভাবে সেই খালেই ময়লা ফেলে খাল অপরিষ্কার করে ফেলে । তাই এই বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে বিভিন্ন স্থানে স্থাপিত হচ্ছে Waste Bin। এরই অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে Waste Bin স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। জেলার ১৮টি ইউনিয়নে ১০০ টি Waste Bin স্থাপনের মাধ্যমে একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে । এর ফলে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নাগরিকরা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে পারবেন। পরবর্তীতে ইঞ্জিনচালিত বর্জ্য ভ্যানের মাধ্যমে Waste Bin থেকে বর্জ্যগুলো সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে ডাম্পিং করা হবে ।
তিনি বর্জ্য ব্যবস্থাপনার মনিটরিং এর বিষয়ে বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করে নিয়মিত মনিটরিং চালানো হবে। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও একইসঙ্গে পর্যাপ্ত সাইনবোর্ড স্থাপন করে নাগরিকদের সচেতন করা হবে, যেন নির্দিষ্ট স্থানের বাইরে কেউ আর ময়লা আবর্জনা ফেলতে না পারে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

