সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের উপস্থিতিতে বাদীপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে। পাওনা টাকা চাওয়ায় হামলার ঘটনা তদন্ত করতে যাওয়ার পর পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।গতকাল বৃহস্পতিবার দুপুরে হামলা করে দুজনকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আহতদের পরিবার। জানা যায়,উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মোঃ ডালিম মিয়া একই গ্রামের ওয়াদুদ বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে ৪ মাস আগে একটি পিকআপ ভ্যান ক্রয় করার জন্য ১ লাখ ২০ হাজার টাকা ধার দেয়। টাকা ধার নেওয়ার পর থেকে ডালিমের সঙ্গে নুর মোহাম্মদ যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেয়। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শান্তিরবাজার গুদারাঘাট এলাকায় ডালিমের সঙ্গে নুর মোহাম্মদের দেখা হয়। ওই সময় ডালিম তার পাওনা টাকা নুর মোহাম্মদের কাছ থেকে দাবী করে। এনিয়ে নুর মোহাম্মদের সঙ্গে ডালিমের তর্ক বিতর্ক হয়। এসময় উভয়ের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। পরে মান্দারপাড়া গ্রামে ডালিমের বাড়িতে গিয়ে হামলা করে নুর মোহাম্মদ ও তার ভাই হাবিবুর রহমানের নেতৃত্বে তার লোকজন। হামলাকারীরা ১০ জনকে পিটিয়ে আহত করে। এক পর্যাায়ে হামলাকারীরা কয়েকটি বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা বাড়ি থেকে দুটি গরু,একটি ছাগল,চারটি ভেড়া ও বাড়ির আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডালিম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত করতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান সোনারগাঁ থানার এসআই শহিদুল ইসলাম। তার উপস্থিতে নুর মোহাম্মদ ও তার ভাই হাবিবুর রহমানের নেতৃত্বে পুনরায় হামলা করে। হামলায় বিল্লাল মিয়া ও জহিরুল ইসলামকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে বিল্লালের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন,আমাদের সামনে কোন মারধরের ঘটনা ঘটেনি। তবে উভয় পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা। এতে পড়ে গিয়ে দুজন আহত হয়েছে শুনেছি। অভিযুক্ত নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা কারো উপর হামলা করেননি। তবে পড়ে গিয়ে আহত হয়েছেন। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খাঁন বলেন,পুলিশের উপস্থিতিতে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে।


