রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৫
ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ ৩ জন অপরাধীকে আটক করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ভোররাতে রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়। অভিযানটি রাত আনুমানিক দেড়টায় শুরু হয়। আটককৃতরা হলেন- মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন এবং মো. ফয়সাল।
অভিযানে ২টি বিদেশি রিভলভার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দুরবিন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকি-টকি সেট, জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে এমন নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হবে) এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং অভিযান কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে আইএসপিআর জানায়।
বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com