
জয়পুরহাটের আক্কেলপুরে অস্ত্রধারী এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তারের সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদুল ইসলাম আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি মানিক ওরফে ‘চাকু মানিক’ (২৮), আক্কেলপুর পৌর শহরের সাখিদারপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মানিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে থেকে মানিককে আটক করে। এ সময় মানিক পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় মানিককে থানায় নেওয়া হয়। তার কাছ থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
আহত পুলিশ কর্মকর্তা রশিদুল ইসলাম আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হায়দার।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, “মানিক একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় আমাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন। মানিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

