আজ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে আলোচিত মাদক কারবারি জসিম ওরফে ‘পাখি জসিম’কে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ, পুলিশের হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে আশুগঞ্জের জাকির মার্কেট এলাকায় তার দোকানে অভিযান চালিয়ে সেনা ক্যাম্পের একটি দল তাকে আটক করে। একই সময় জসিমের সঙ্গে থাকা এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, আটক পাখি জসিম নবীনগরের মো. তৈয়ব মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জে দীর্ঘদিন ধরে ‘শাহজালাল পাখির মেলা’ নামে একটি দোকান চালাতেন, যার আড়ালে চলছিল মাদক ব্যবসা। স্থানীয়ভাবে তিনি ‘পাখি জসিম’ নামে পরিচিত এবং তাকে প্রায়ই পুলিশের সোর্স হিসেবে বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা যেত। পুলিশের সঙ্গে তার সখ্যতা এবং আচরণ দেখে অনেকেই তাকে পুলিশ সদস্য ভাবতেন।

আটক নারী হলেন মোছা. হোসনা আক্তার (২৪), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে।

যৌথবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম ও হোসনার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৩৯ হাজার ৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি এবং পুলিশের একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়। অভিযান শেষে তাদের এবং উদ্ধারকৃত আলামত আশুগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের মতে, জসিম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন। অভিযোগ রয়েছে, কিছু দুর্নীতিপরায়ণ পুলিশ কর্মকর্তার ছত্রচ্ছায়ায় তিনি নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আশুগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

Exit mobile version