পবিত্র আশুরা উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী নগর বিহারী ক্যাম্পে হাজারো মানুষের অংশগ্রহণে বিশাল তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ জুলাই) বিকাল ৪টার দিকে আদমজী বিহারী ক্যাম্প থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়। পরে নতুন বাজার নাগিনা জোহা রোড হয়ে বার্মাশীল নারায়ণগঞ্জ-আদমজী -চিটাগাং রোড সড়কের এসওরোড মুনলাইট হয়ে আদমজী কবরস্থান পরে পুনরায় বিহারী ক্যাম্পে গিয়ে তাজিয়া মিছিলটি শেষ হয়। এসময় তরুণরা বুক চাপড়ে, ঢোল, বাদ্য বাজিয়ে মাতম করে। শিশুরা রিকশাভ্যানে চড়ে তাজিয়া মিছিলে অংশ নিয়েছে। পৃথক রিকশাভ্যান থেকে তীব্র গরমে তৃষ্ণার্তদের পানি, শরবত বিতরণ করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকে হাতে লাল পতাকা এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে মিছিলে অংশ নেন। মিছিলে একদল রয়েছে যারা শোকের গান গাইতেছিলেন। হযরত ইমাম হোসেনের শেষ মঞ্জিলের নকশা ‘তাজিয়া’, তার নিজের ব্যবহার করা ঘোড়া ‘দুলদুলের’ প্রতিকৃতি ও কারবালা যুদ্ধের স্মৃতি বহনকারী নিশান সমেত মিছিলে দেখা মিলে। এদিকে তাজিয়া মিছিলকে ঘিরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলমের নেতৃত্বে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ব্যাপক পুলিশের উপস্থিতিতে মিছিলের সামনে ও পেছনে পুলিশি পাহারায় মিছিলটি শুরু ও শেষ হয়। পুলিশের কঠোর নিরাপত্তার কারণে ছুরি, বল্লম বা ভারী কোনো আগ্নেয়াস্ত্রের দেখা মিলেনি তাজিয়া মিছিলে। এসময় হাজারো উৎসুক মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে, ভবনের ছাদে, বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তাজিয়া মিছিল দেখে। এমনকি কেউ কেউ মিছিলের সাথে সাথে অনেকটা পথ পায়ে হেঁটেছেন। তাজিয়া দেখতে অভিভাবকদের সাথে কোমলমতি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাজিয়া মিছিল আয়োজক কমিটির সেক্রেটারি মো: শামীমের সার্বিক দিক নির্দেশনায় এসময় তাজিয়া মিছিলটিতে নেতৃত্ব দেন আয়োজক কমিটির সহ-সভাপতি লালবাবু, মো: কাল্লু, মো: মেহেদী হাসান, মো: ফকিরা, মো: আলী, মো: নাথিয়া মুন্না, আকবর আলী, মুন্না মেম্বার, শাহজাদা, মৌলভী মুন্না, শাহজাদা, মো: তাসলিম, মো: আকরাম প্রমুখ।


