
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব-১১ এর তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে র্যাবের একটি বিশেষ দল।
র্যাব-১১ এর এএসপি ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আল মাসুদের নেতৃত্বে প্রথমে শহরের মন্ডলপাড়া ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়। যানবাহন থামিয়ে যাত্রী ও চালকদের পরিচয় যাচাই ও দেহ তল্লাশি করা হয়। এরপর চাষাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় রাত ১২টা পর্যন্ত একাধিক চেকপোস্টে তল্লাশি অভিযান চালায় র্যাবের সদস্যরা।
অভিযানের বিষয়ে এএসপি মোহাম্মদ আল মাসুদ সাংবাদিকদের জানান, “মাদককারবারি, কিশোর গ্যাং সদস্য এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করতেই আমাদের এই বিশেষ তল্লাশি অভিযান। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত এই অভিযান চলবে।”
তিনি আরও জানান, “সম্প্রতি কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র ওপর চালানো এক অভিযানে তাদের কয়েকজন সদস্যকে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১১ ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।”
এ ধরনের চেকপোস্ট ও অভিযান শহরজুড়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অনেকেই র্যাবের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

