আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
নেত্রকোনায় নিখোঁজ রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৫
নেত্রকোনার কেন্দুয়ায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৫)। তার বাড়ি উপজেলার কুলিহাটি পশ্চিমপাড়া আড়গিলা গ্রামে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর হাওড়ের দুগদুগিয়া নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রাসেল মিয়া পাশ্ববর্তী মদন উপজেলার কুলিহাটি পশ্চিমপাড়া আড়গিলা গ্রামের আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।
রাসেলের পরিবার জানায়, সোমবার দুপুর থেকে রাসেল নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরিবারের পক্ষ থেকে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। চারদিন পর বৃহস্পতিবার কেন্দুয়ার জালালপুর হাওর থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রাসেলের বাবা আবুল হোসেন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মরদেহটি পচে গলে গেছে এবং বস্তায় ভরা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে হাওরে ফেলে দেয়া হয়। নিহত যুবকের পরিবার লাশটি শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.