রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ নারী মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৫
রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) ভোরে রূপগঞ্জ থানা পুলিশ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গির ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার রকিবুজ জামান রনির স্ত্রী ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা (৩০), অনিকের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০), কামাল হোসেনের স্ত্রী নীলুফার ইয়াসমিন (৫০)। রবিবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, আমাদের কাছে খবর আসে উপজেলার মাহমুদাবাদ টঙ্গির ঘাট এলাকায় কয়েকজন নারী মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রি করছে।
রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করে তিন নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছি। এ সময় তাদের কাছে রক্ষিত ১৫৫ বোতল ফেনসিডিল,মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল সংগ্রহ করে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন।
তাদের স্বামীরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com