
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় আদমজী নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম মো. ফয়সাল (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহীনুর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল ডিউটি করছিলেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুন বাজার সাংকিনস্থ ভূঁইয়া টাওয়ারের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তাদের অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ দল ঘটনাস্থলে যায়। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সহায়তায় মো. ফয়সালকে শনাক্ত করা হয়।
জিজ্ঞাসাবাদে মো. ফয়সাল তার নাম-ঠিকানা প্রকাশ করেন। পরে উপস্থিত সাক্ষী মো. লিয়ন (২৬), মো. সাজু (২৫) এবং এএসআই/সোহেল রানা ও কং/১৭২০ মো. ইমরান হোসেনের সামনে ধৃত আসামি মো. ফয়সালের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। পরে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং এতে সাক্ষী ও উদ্ধারকারী কর্মকর্তা স্বাক্ষর করেন। জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেন যে, তিনি সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন। আসামি মো. ফয়সাল অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় অপরাধ করেছেন। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

