আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
৩ দিন পর না.গঞ্জে উদ্ধার অপহৃত ফজলুল করিম, মূল হোতা আটক
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত মো. ফজলুল করিম (২০) নামের এক তরুণকে অপহরণের তিন দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এই উদ্ধার অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুলিশকে সহায়তা করে। এ সময় অপহরণের মূল হোতা তৌসিফ মাহবুব হৃদয়কেও গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া ফজলুল করিম নবীনগর উপজেলার মোহল্লা গ্রামের এম এ কাইয়ুমের ছেলে এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে বসবাস করতেন। এর আগে, গত ২২ জুন সন্ধ্যায় ভাদুঘর হুজুর বাড়ি এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. মোজাফফর হোসেন জানান, অপহরণকারীরা ফজলুল করিমের বাবার অসুস্থতার কথা বলে কৌশলে তাকে ডেকে নিয়ে যায়। অপহরণের পরপরই ফজলুলের বাবার কাছে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর গত ২৫ জুন ফজলুল করিমের বাবা ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অপহৃতকে উদ্ধারে তৎপর হয়।
পরে র্যাবের একটি দল পুলিশের সাথে যৌথভাবে অভিযান শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ফজলুল করিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণের মূল হোতা নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. মিজানের ছেলে তৌসিফ মাহবুব হৃদয়কে হাতেনাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারের পর অপহরণকারী তৌসিফ মাহবুব হৃদয়কে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়ার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.