রূপগঞ্জে মাতলামির প্রতিবাদ করায় ২ যুবক গুলিবিদ্ধ, আটক ৩
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৫
রূপগঞ্জে নেশাগ্রস্ত এক যুবকের মাতলামির প্রতিবাদ করায় গুলিতে গুরুতর আহত হয়েছেন ইয়াছিন ও শিপন নামের দুই যুবক। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া টঙ্গীর ঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর গুলিবিদ্ধ শিপনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।
গুলিবিদ্ধ ইয়াছিন মুড়াপাড়ার হাউলিপাড়া এলাকার ইদু মিয়ার ছেলে এবং শিপন তার খালাতো ভাই, যিনি টঙ্গীর ঘাট এলাকার আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় ইয়াছিন তার স্ত্রীকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় যুবক সোহরাব মাদকাসক্ত অবস্থায় তাদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। ইয়াছিন এই অশালীন আচরণের প্রতিবাদ করলে সোহরাব আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে। এরপর ইয়াছিন তার খালাতো ভাই শিপনকে সঙ্গে নিয়ে স্থানীয়দের বিষয়টি জানাতে যান। কিন্তু তাদের ফিরে আসার কিছুক্ষণ পরই নেশাগ্রস্ত সোহরাব একটি পিস্তল নিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আকস্মিক এই আক্রমণে ইয়াছিন ও শিপন উভয়েই গুলিবিদ্ধ হন।
ঘটনাস্থলে উপস্থিত আত্মীয়স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর, শিপনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে গুলির খোসা উদ্ধার করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মূল অভিযুক্ত সোহরাবকে ধরতে অভিযান চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com