আজ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ খ্রিস্টাব্দ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ  অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ পুড়িয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য সহ এসব আসামিদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো, বরগুনা জেলা সদরের বড় লবনগোলা এলাকার মো: শাহজাহানের ছেলে ও সিদ্ধিরগঞ্জের মৌচাক সেবা ফার্মেসী এলাকার ভাড়াটিয়া মো: গোলাম মোস্তফা স্বপন (৪২), সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত রহিম বাদশার মেয়ে রুমি (৩৫) ও একই এলাকার মৃত হাশেমের মেয়ে  রাবিয়া বেগম (৫০) এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শরিয়তপুর এলাকার মো: আব্দুল হক মিয়ার ছেলে, সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার ভাড়াটিয়া আব্দুল করিম (২৮) ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন এলাকার মৃত আব্দুল মান্নান খলিফার ছেলে মো: জসিম (৫০)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি উল্লাহ সঙ্গীয় ফোর্স মৌচাক বাস স্ট্যান্ড (ঢাকা ইনকামিং) ফুটওভার ব্রীজের নিচে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: গোলাম মোস্তফা স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। একই দিন রাত পৌনে ৮টায় সিদ্ধিরগঞ্জের বাঘমারা তিন রাস্তা মোড় এলাকায় বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী  রুমি ও রাবিয়া বেগমকে গ্রেফতার করা হয়। এছাড়া  সন্ধ্যা সাড়ে ৭টায় উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ী রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হেরোইনসহ মো: আব্দুল করিম ও মো: জসিম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ওসি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের শেষে  দুপুরে তাঁদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Exit mobile version