সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
রাজধানী ঢাকার সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার (১৬ জুন) রাতে সাভার স্মৃতিসৌধের হলরুমে সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে ছিনতাইকারী চক্রের দুইজনকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল ও নবীনগর এলাকার বাস স্ট্যান্ড থেকে আটক করা হয়। বাকি তিনজনকে সাভার নামাবাজার ও কুরগাঁও থেকে আটক করা হয়।
দীর্ঘদিন যাবৎ ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের বিশমাইল এলাকায় একটি ছিনতাইকারী চক্র তৎপরতা চালিয়ে আসছে। চক্রটি সাভার থেকে নবীনগর পর্যন্ত পুরো এলাকাকে তিনটি ভাগে ভাগ করে পথচারী ও বাসযাত্রীদের ছিনতাই করে।
চক্রটিকে ধরতে রোববার রাতে অভিযান শুরু করে সেনাবাহিনী। পৃথক পৃথক অভিযানে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো- সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬), দুর্জয় (২৪) ও সমর (২৫)। এদের সবার বিরুদ্ধে আগে থেকেই ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও হয়রানির মামলা রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com