আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
জামালপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, শিক্ষক বহিষ্কার
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৫
জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে এক শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ইসলামপুর কামিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান ওই শিক্ষককে বহিষ্কারের নির্দেশ দেন।
বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমান ইসলামপুর উপজেলার বীর মাইজবাড়ী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, হাবিবুর রহমান নিজের দায়িত্বপ্রাপ্ত কক্ষ ত্যাগ করে অন্য কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের প্রশ্নোত্তরে সহযোগিতা করছিলেন। বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। পরীক্ষার মতো সংবেদনশীল সময়ে এমন আচরণ স্পষ্টভাবে কেন্দ্রীয় পরীক্ষানীতিমালার পরিপন্থী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে। এ বিষয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এ বছর ইসলামপুর উপজেলায় মোট ১০টি কেন্দ্রে ৪ হাজার ২২৭ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৭৭৪ জন, দাখিল ৯০৫ জন এবং ভোকেশনাল শাখায় রয়েছেন ৫৪৮ জন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.