আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২৪
পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের শিংপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানী এলাকার রফিকুল ইসলামের পুত্র।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশিসহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের দাবি, ওই বাংলাদেশিরা তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। সেইসঙ্গে চোরাচালানের দুটি গরুও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, গুলির শব্দ পেয়ে এবং চোরাকারবারি প্রতিহত করতে আট রাউন্ড ফাঁকা গুলি করেন পঞ্চগড়ে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও। ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি গরুও জব্দ করে বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.